বস্তিগুলোতে জীবাণুনাশক ছিটাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর সব বস্তিতে জীবাণুনাশক ছিটানোর কর্মসূচি চালু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে জীবাণুনাশক স্প্রে করছেন বিএনপিপন্থি কৃষিবিদরা। গতকাল বুধবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কৃষিবিদরা বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করছেন। শায়রুল বলেন, বুধবার মহাখালীর সাত তলা বস্তি দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। দায়িত্বপ্রাপ্ত যেসব কৃষিবিদ এ কর্মসূচির সার্বিক বিষয় তদারকি করছেন তারা হলেন—প্রফসর ড. আবদুল করিম ও কৃষিবিদ শফিউল আলম দিদার।