ধাওয়া খেয়ে রিকশা থেকে পড়ে গাড়িতে
পিষ্ট হয়ে চালকসহ নিহত ২
ইত্তেফাক রিপোর্ট
সাভারে স্বেচ্ছাসেবীদের ধাওয়া খেয়ে পালানোর সময় কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কায় রিকশা চালক ও আরোহী এক নারী শ্রমিক সড়কে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। গতকাল বুধবার দুপুরে গেন্ডা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম রিয়াদ (২৫) ও নারীর নাম মরিয়ম বেগম (৩০)। নিহত রিয়াদের বাড়ি ভোলা জেলায় এবং মরিয়মের বাড়ি নওগাঁ জেলায়। তিনি সাভার পৌর এলাকার রেডিও কলোনি এলাকায় বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালককে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার দুপুরে উলাইল থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে তিনজন যাত্রী রেডিও কলোনির দিকে যাচ্ছিল। রিকশাটি গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে থাকা কয়েকজন স্বেচ্ছাসেবী তাদের ধাওয়া করে। এসময় চালক পালানোর জন্য দ্রুত ইউটার্ন নিতে গেলে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক রিয়াদ ও রিকশা আরোহী মরিয়ম ছিটকে সড়কে পড়লে কাভার্ড ভ্যানটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মরিয়ম নিহত হন। এসময় চালক রিয়াদ ও দুই আরোহী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, ফাঁকা সড়কে পুলিশ দায়িত্ব পালন করা সত্ত্বেও কিছু অতি উত্সাহী যুবককে লাঠি হাতে স্বেচ্ছাসেবীর ভূমিকায় সড়কে দেখা যায়। তাদের তেমন কোনো কাজ না থাকলেও রিকশা চালকদের লাঠিপেটা করাসহ বিভিন্নভাবে হয়রানি করছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
