শ্রমিকের আনাগোনায় উদ্বিগ্ন এলাকাবাসী
মিজানুর রহমান, ধামরাই (ঢাকা) সংবাদদাতা
চরম করোনা আতঙ্ক ও স্বউদ্যোগে গ্রামে গ্রামে লকডাউনের মধ্যেও ধামরাইয়ে প্রায় আড়াই শতাধিক ইটভাটা চালু রয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ভাটায় কর্মরত অর্ধলক্ষাধিক শ্রমিক কাজ শেষে আড্ডাবাজি ও ঘোরাফেরা করছে দোকানপাট, বাজার-বাসস্ট্যান্ড ও লোকালয়ে। এ নিয়ে ধামরাই জুড়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে ইটভাটার এক মালিক বললেন, গণপরিবহন বন্ধ। শ্রমিকরা সবই দেশের উত্তর এলাকার। কাজেই এখন ভাটা বন্ধ হলে শ্রমিকরা কাজ হারিয়ে চারদিকে ছড়িয়ে পড়বে বরং তখন অবস্থা আরো খারাপ হবে। তাই প্রত্যেক ভাটা মালিকের উচিত শ্রমিকদের বাইরে আসতে না দেওয়া এবং নির্দিষ্ট একজনের মাধ্যমে বাজার করিয়ে কর্ম এলাকার ভেতরেই তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা। কোনো শ্রমিককে বিনা কারণে বাইরে পাওয়া গেলে সংশ্লিষ্ট ভাটা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ থাকতে হবে। ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলামকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক বলেন, ‘ভাটা মালিক সমিতি ও মালিকদের নিজ উদ্যোগে এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।’
উল্লেখ্য, শুধু ইটভাটা নয়, উপজেলার বিভিন্ন এলাকার কয়েকটি শিল্প-কারখানার বিরুদ্ধেও এ পরিস্থিতিতে কারখানা খোলা রাখার অভিযোগ রয়েছে।
