ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে কারফিউ জারির বা জরুরি অবস্থা ঘোষণার সুপারিশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এই সুপারিশ করেন। অলি আহমদ বলেন, করোনার থাবা গত চারদিন থেকে ক্রমশ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে। অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি সাধিত হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।
দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে এলডিপি সভাপতি বলেন, সমগ্র জাতির প্রতি আমার বিনীত অনুরোধ সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দয়া করে অতি জরুরি না হলে নিজ ঘর থেকে বের হবেন না এবং পরিবারের কাউকে ঘর থেকে বের হতে দেবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন।
