ফতুল্লায় লকডাউন ভেঙ্গে ত্রাণের দাবিতে বিক্ষোভ

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২২:২০

ফতুল্লার কাশীপুর এলাকায় খাদ্য সামগ্রী না পেয়ে খাদ্য সংকটে লকডাউন ভেঙ্গে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে নিম্ন আয়ের বর্তমানে কর্মহীন মানুষ। গতকাল বুধবার সকাল থেকে কাশীপুর ছোট আমবাগান এলাকায় এ বিক্ষোভ করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে সামাজিক দূরত্ব না মেনে কয়েকশ এলাকাবাসী এক হয়ে বিক্ষোভ করেন। এলাকাবাসী সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই খাদ্য সংকট এখানকার মানুষদের। আয় নেই খাবারও নেই। এর মধ্যে স্থানীয় মেম্বার ও জনপ্রতিনিধিদের নাম করে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নেওয়া হয়েছে ত্রাণ দেওয়া হবে বলে। বুধবার সকালে সেটি ফিরিয়ে দেওয়া হলেও ত্রাণ দেওয়া হয়নি। তাই বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া  সফুরা বিবি জানান ‘আমাদের তো ঘরে দুদিন ধরে খাবার নেই।

খালি শুনি পুরা নারায়ণগঞ্জে নাকি খাবার দিতাসে কিন্তু আমাদের এখানে তো কেউই খাবার দেয়না। কিসের দূরে দূরে থাকমু আমরা তো করোনায় মরতাম না তার আগেই না খাইয়া মইরা যামু। আইডি কার্ডের ফটোকপি নিসিলো আজকে আবার দিয়া গেসে কিন্তু খাবার তো দিলোনা।’ ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, এরকম ঘটনা ছোট আমবাগান এলাকায় ঘটেছে বলে শুনেছি। এটি পরিকল্পিত স্থানীয় কয়েকজনের ইন্ধনে হয়েছে বলে শুনেছি। আমাদের টিম পাঠানো হয়েছিল, তারা ঘটনাস্থলে এমন কিছু পায়নি।