ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ১০ টকা কেজি দরের ৪০০ বস্তা (১২ টন) চালসহ একটি নৌকা ডুবে গেছে। গতকাল বুধবার নবীননগর উপজেলা সদরের স্পিডবোট ঘাটের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নবীনগর উপজেলা খাদ্যগুদাম থেকে ডিলার জিয়া উদ্দিন দুইটি নৌকাযোগে বীরগাঁওয়ে ইউনিয়নে নিয়ে যাচ্ছিলেন। উপজেলা সদরের স্পিটবোড ঘাটের সামনে তিতাস নদীতে এসে ৪০০ বস্তার অতিরিক্ত চাল বোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামন মনির, নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, পৌর মেয়র অ্যাড. শিব সংকর দাসের তদারকিতে স্থানীয়দের সহায়তায় তিতাস নদীতে ডুবে যাওয়া চালের বস্তাগুলো উদ্ধার কাজ চলছে।
নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, খাদ্যগুদাম থেকে দুইটি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁওয়ে নেওয়া হচ্ছিল। একটি নৌকায় ১২৮ বস্তা আরেকটিতে ৪০০ বস্তা চাল নেওয়া হচ্ছিল। ৪০০ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালের বস্তাগুলো উদ্ধারের ব্যবস্থা করি। এখানে কারো গাফিলাতি আছে কিনা সেটিও তদন্ত করা হবে।
