রংপুর, নরসিংদী, নীলফামারী, ময়মনসিংহ ও জামালপুরে চিকিত্সকসহ ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ঐ চিকিত্সককে আইসোলেশনে নেওয়া হয়েছে এবং হাসপাতাল লকডাউন করা হয়েছে। এছাড়া কয়েকটি জেলায় নতুন করে আরো অনেককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। খবর আমাদের স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের।
রংপুর :রংপুর বিভাগের আট জেলায় বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরো ২১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই বিভাগের রংপুরে এক জন এবং গাইবান্ধায় পাঁচ জনসহ মোট ছয় জন করোনা রোগী এ পর্যন্ত শনাক্ত হয়েছে বলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রংপুর জেলায় তিন জন, দিনাজপুরে দুই, গাইবান্ধায় ১২, কুড়িগ্রামে ৪০, নীলফামারীতে ১৫০ এবং ঠাকুরগাঁও জেলায় ছয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৩৪ জনে। এদিকে চতুর্থ দফায় আরো ৫৬টি নমুনা নিয়ে গতকাল সকালে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
নরসিংদী প্রতিনিধি ও রায়পুরা :নরসিংদীতে তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা হলো রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের একজন ও ডৌকারচর ইউনিয়নের ডৌকারচর গ্রামে একজন এবং পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার একজন। গতকাল বুধবার নরসিংদী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়পুরার শাহপুর গ্রামের ও পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার দুই জন নারায়ণগঞ্জে চাকরি করতেন। এছাড়া নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের মালি (পরিচ্ছন্ন কর্মী) রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামের বাসিন্দা। এদিকে রায়পুরার শাহপুর গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রাম, ডৌকারচরের একটি গ্রাম এবং পলাশের ইসলামপাড়া গ্রামটি লকডাউন করা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ২৩১ জনকে রাখা হয়েছে।
কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিত্সকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। ঐ চিকিত্সকের কাছাকাছি যারা ছিলেন এমন চিকিত্সক, নার্সসহ কিশোরগঞ্জ উপজেলার ২৮০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি উপজেলা হাসপাতালটি লকডাউন করা হয়। পাশাপাশি বেশ কিছু বাড়িতে লাল পতাকা উড়িয়ে দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, গতকাল পুরো উপজেলাকে লকডাউন করা হয়েছে।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : ময়মনসিংহের মুক্তাগাছা শহরস্থ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । বুধবার সন্ধ্যায় মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। মুক্তাগাছা শহরের ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্পে অবস্থারত ৪৩৪ জনসহ কার্যালয় লকডাউন ঘোষণা করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান ।
মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট-এর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সংবাদে সারা স্বাস্থ্য কেন্দ্রে আতঙ্ক বিরাজ করছে। এ সংবাদের সত্যতা স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।
বগুড়া :বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে আসা এক কিশোরী ও অপর এক নারীসহ তিন ব্যক্তিকে গতকাল বুধবার আইসোলেশনে নেওয়া হয়েছে। আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা শহরের মোহাম্মদ আলী হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। তবে আইসোলেশনে থাকা এক নারীসহ ইতিপূর্বে চার ব্যক্তির রিপোর্ট নেগেটিভ আসায় অর্থাত্ তারা করোনা আক্রান্ত না হওয়ায় তাদের সেখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
চিতলমারী (বাগেরহাট) : বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তার পরিবারের ৯ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়ার পর নতুন করে কলিগাতী ও বড়বাড়িয়া এলাকায় আরো ১৮ ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।
