রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে সুদানে সরকার বিরোধী আন্দোলন ও বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের দমন-পীড়নে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২১৯ জন। এর আগে ৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছিল। দেশটির সরকারি সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা যায়। তবে সুদান সরকারের রুটির দাম বৃদ্ধিকে মিশর সমর্থন করেছে বলে জানা যায়।
মূলত রুটির দাম বৃদ্ধির ঘোষণাকে কেন্দ্র করে সুদানে এই বিক্ষোভ শুরু হয়। গত ১৯ ডিসেম্বর থেকে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। সরকারের পক্ষ থেকে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হওয়ার খবরকে ‘বিশ্বাসযোগ্য’ আখ্যা দিয়েছে। এদিকে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে সরকারি মুখপাত্র বশারা জুমা বলেন, নিরাপত্তা বাহিনীর দুইজনসহ মোট ১৯ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ২১৯ জন। এর আগে ৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করছিল সরকার।
এর আগে বৃহস্পতিবার ধর্মঘট ডাকে সুদানের সাংবাদিকদের একটি সংগঠন। ‘সুদানিজ জার্নালিস্টস নেটওয়ার্ক’ নামের সংশ্লিষ্ট সংগঠনটি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে। তাদের অভিযোগ- সরকার হরহামেশা সাংবাদিকদের হয়রানির লক্ষ্যবস্তু বানিয়ে থাকে।
