পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তর পশ্চিমাঞ্চলে চোরাগুপ্তা হামলায় ১০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা আমাদের ১০ জন পুলিশ কর্মকর্তাকে হারিয়েছি। তারা ওইদিন উত্তর পশ্চিমাঞ্চলের চোরাগুপ্তা হামলায় নিহত হন। বিবৃতিতে আরো বলা হয়, মালি সীমান্তের কাছে লোরোনি গ্রামে অস্ত্রধারীদের হামলা হওয়ার খবর পেয়ে ওইদিন সেখানে যাচ্ছিল পুলিশের একটি বহর। পথে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। বুরকিনা ফাসোর নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ক্লিমেন্ট সোয়াদোগো জানান, পুলিশের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসার সময় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি বহরের উপরও বিস্ফোরক নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্লিমেন্ট সোয়াদোগো আরও জানিয়েছেন, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
গত তিন বছরে বুরকিনা ফাসোতে বেশ কিছু হামলা হয়েছে। শুরুতে দেশটির উত্তরাঞ্চলে হামলা হলেও এখন তা টোগো ও বেনিন সীমান্তে ছড়িয়ে পড়েছে। বুধবার সোলান শহরে একটি পুলিশ স্টেশনে হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়। বেশিরভাগ হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী আনসারুল ইসলাম ও জেএনআইএম-কে দায়ী করা হয়ে থাকে। ধারণা করা হয়, ২০১৫ সাল থেকে আড়াইশোরও বেশি মানুষের মৃত্যুর জন্য এ সংগঠনগুলো দায়ী।
