একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন অগ্নিসংযোগ, নাশকতাসহ যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা মোকাবিলা করতে ফায়ার সার্ভিসের ‘দি লাইফ সেভিং ফোর্স’ এর প্রায় ৬ হাজার সদস্য মোতায়েন থাকছে। নির্বাচনের দিন ১ হাজার মোটরসাইকেলের মাধ্যমে টহল চলবে ফায়ার সার্ভিসের। পাশাপাশি ওয়াটার টেন্ডার, ফোর হুইলার, ই-টেন্ডারসহ সব শক্তি মাঠে থাকবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল সদস্যের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সমন্বয় রেখে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। নির্বাচনের দিন দেশজুড়ে প্রায় ৬ হাজার সদস্য দায়িত্ব পালনে নিয়োজিত থাকবে। যে সমস্ত ভোট কেন্দ্রে অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র অনুযায়ী ফায়ার সার্ভিসের রেসকিউ টিমের সদস্যরা দায়িত্ব পালন করবে। সড়ক ও মহাসড়কে যে কোনো ধরনের নাশকতা হলে সে বিষয়ে ও কর্মপরিকল্পনা রয়েছে তাদের। ফায়ার সার্ভিসের ২২০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একাধিক স্পেশাল ওয়াটার টেন্ডার, ১২০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একাধিক ফোম টেন্ডার, ১০০টি টোয়িং ভেহিক্যাল, ১৫০টি টু-হুইলার ওয়াটার মিস্ট ও ৫০টি এ্যাম্বুলেন্স এই দায়িত্বের মধ্যে কাজ করবে।
