ভয়-ভীতি, হামলা-আক্রমণ ও ভোট সন্ত্রাসীদের পরাজিত করে সাহস আর দৃঢ়তা নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষ যাবতীয় চাপ ও হুমকি মোকাবিলা করেই ভোট প্রদানের মাধ্যমে নিজেদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে হবে। ভোটারদের সংগঠিত উপস্থিতি ও সচেতন প্রতিরোধের মাধ্যমেই কেবল ভোট জালিয়াতির মোকাবিলা করা সম্ভব। সাইফুল হক বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ব্যাপক সহিংসতার আশঙ্কায় নির্বাচনের দিন হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনা একদিকে চরম দায়িত্বহীনতার বহিঃপ্র্রকাশ, আর অন্যদিকে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা। মানুষ যেন ভোটকেন্দ্রে না যায় এই উদ্দেশেই এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
