খালি মাঠে গোল দিতে না পেরে সরকার সন্ত্রাসের পথে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক যুক্ত বিবৃতিতে বলেছেন, বিগত ১০ বছরের দুঃশাসনের ফলে সরকার এখন জনসমর্থনহীন। তাই জনগণের ভোটাধিকারকে সরকার ভয় পায়। সরকার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। তাই ২০১৪ সালের মতো এবারও খালি মাঠে গোল দিতে চেয়েছিল। কিন্তু তা না পেরে সরকার এবার সন্ত্রাস, হামলা, হুমকি দেওয়ার পথ বেছে নিয়েছে।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে সিপিবি নেতৃদ্বয় আরও বলেন- গায়ের জোর, রাষ্ট্রীয় প্রশাসনিক শক্তি সবকিছুকে ব্যবহার করে সরকারি দল ‘ভোটের আগেই জয়লাভ করার’ আয়োজন করেছে। একাজে সরকার সফল হলে আগামী পার্লামেন্ট হয়ে উঠবে জনসমর্থনহীন ‘ভুয়া প্রতিনিধিদের’ পার্লামেন্ট। ফলে গণতন্ত্র আরও বিপন্ন হবে এবং দেশে স্বৈরতান্ত্রিক-একনায়কত্ববাদী-ফ্যাসিবাদী বিপদ বাড়বে। এটি কোনভাবেই হতে দেওয়া যায় না। এজন্য দেশবাসীকে জাগ্রত হতে হবে। সব ধরনের ভয়-ভীতি, বাধা উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকারের নীলনকশা বানচাল করে দিতে তারা জনগণের প্রতি আহ্বান জানান।