ইসি সম্পূর্ণ ব্যর্থ, জেতার জন্য সরকার সবকিছু ব্যবহার করছে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা শেষে ভোটের দুইদিন আগে গতকাল শুক্রবার বৈঠক করেছে আটটি বাম দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বলা হয়েছে, দেশের কোথাও সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনে জেতার যে পরিকল্পনা করেছে তা বাস্তবায়নে প্রশাসন, দলীয় সন্ত্রাসী বাহিনীসহ সবকিছুকে ব্যবহার করছে। তারপরেও সভা থেকে সকল আতঙ্ক ও ভয়-ভীতি উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার সংগ্রামে সচেতন মানুষকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে এসে সকাল-সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ।