বার্সার সংসারে নতুন অশান্তি

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২০:৪৪

শেষ এক মৌসুমে বার্সেলোনা যেন মাঠের খেলা থেকে মাঠের বাইরের ঘটনার জন্যই বেশি শিরোনামে এসেছে! করোনা ভাইরাসের প্রকোপে এখন খেলা বন্ধ, তবে বার্সেলোনার অশান্তির আগুনে পানি ঢালতে পারেনি বৈশ্বিক এই মহামারি। ক্লাবটির বোর্ডের ছয় জন পরিচালক এবার পদত্যাগ করেছেন। ক্লাবের দুর্বল ব্যবস্থাপনা ও এর ফলে সৃষ্ট অনিশ্চিত ভবিষ্যেকই কারণ হিসেবে দেখিয়েছেন তারা।

গত বৃহস্পতিবার দুই সহসভাপতি এমিলি রুসাদ আর এনরিকে তুম্বাসের নেতৃত্বে ছয় বোর্ড সদস্যের দলটি একটি যৌথ স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর কাছে। বিদায়বেলার বিবৃতিতে সংবাদমাধ্যমকে তারা জানান, সংকটকালে ক্লাবকে যথার্থভাবে সামলাতে ব্যর্থ হয়েছে বার্তোমিউর বোর্ড।

তার ওপর শেষ কিছু দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়েও বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বার্সায়। গেল ফেব্রুয়ারিতে স্প্যানিশ সংবাদমাধ্যমে ফাঁস হয়েছিল নিজেদের ভাবমূর্তি রক্ষায় বড়ো অঙ্কের অর্থ ব্যয় করে ‘আইথ্রি’ নামের প্রতিষ্ঠানের সাহায্য নেয় ক্লাবটি। নিজেদের পদত্যাগের পেছনে এটিকেও দায়ী করেন বার্সেলোনা পরিচালকরা। তার ওপর যোগ হয়েছে ক্লাবটির নড়বড়ে অর্থনৈতিক অবস্থান, যা করোনার আঘাতে আরো নাজুকই হয়েছে। সবকিছুর সম্মিলিত মিথস্ক্রিয়ায় গত বৃহস্পতিবার পদত্যাগ করেন বার্সেলোনার পরিচালকরা।

বার্সা সভাপতি বার্তোমিউ অবশ্য আগেই চার জনকে পদত্যাগের আদেশ দিয়েছিলেন। তাদের সঙ্গে আরো দুই জন পদত্যাগ করলে বার্সা বোর্ডের সদস্যদের সংখ্যা দাঁড়ায় ১৩ জনে। ক্লাবটির সংবিধান অনুযায়ী বোর্ডে ন্যূনতম ১৪ সদস্য থাকা চাই। স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, কোরাম সংকট মেটাতে সাবেক সভাপতি ও বন্ধু সান্দ্রো রোসেলের দ্বারস্থ হতে পারেন বার্তো। সেক্ষেত্রে, সাবেক বার্সা সভাপতি আবারও বোর্ডে ফিরবেন পরিচালক হয়ে।

মাস দুয়েক আগে বার্সেলোনার ক্রীড়া পরিচালক এরিক আবিদালের একটি বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন মেসিরা। স্প্যানিশ সংবাদমাধ্যমে একটি সাক্ষাত্কারে আবিদাল বলেছিলেন, সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দের অধীনে শেষদিকে খেলোয়াড়রা নিবেদিতপ্রাণ ছিলেন না। কিছু সময় পরেই আরেক সাক্ষাত্কারে এর সমালোচনা করেন লিওনেল মেসি। পরে বার্তোমিউর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর করোনা ভাইরাসের কারণে বেতন কমানো নিয়েও কম জলঘোলা হয়নি কাতালুনিয়ায়। সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতিটা মোটেও কথা বলছে না মেসিদের পক্ষে।