করোনা ভাইরাসের থাবায় থমকে আছে বাংলাদেশ। কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। তাদের আহার জোগাতে বিতরণ হচ্ছে ত্রাণ। কিন্তু ত্রাণ নিতে এক জায়গায় জড়ো হচ্ছেন হাজারো মানুষ। যা করোনা ভাইরাস ছড়ানোর ক্ষেত্র। অথচ নির্দেশনা আছে করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
সমসাময়িক বিষয়ে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সরব রুবেল হোসেন। ফেসবুকে প্রায়ই বিভিন্ন বিষয়ে মতামত দেন তিনি। এবার রাজনীতিবিদদের প্রতি রুবেল প্রশ্ন রেখেছেন, ভোটের স্লিপ ঘরে ঘরে পৌঁছে দেওয়া গেলে ত্রাণ কেন দিয়ে আসা যাবে না?
ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় দলের এই পেসার বলেছেন, ‘সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মুহূর্তে। এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ’
রাজনীতিবিদদের উদ্দেশ রুবেলের প্রশ্ন ছিল এমন, ‘ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন, তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’
