জায়েদ খান। চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। করোনা ভাইরাসের প্রভাবে অস্বচ্ছল শিল্পী ও কলাকুশলীদের বর্তমান অবস্থা, তাদের সহযোগিতার বিষয় ও সংগঠনের কার্যক্রম নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
কেমন আছেন?
আসলে এমন একটা সময় যাচ্ছে আমরা কেউ ভালো নেই। তবে ভালো থাকার চেষ্টা করছি।
এই বৈশ্বিক সমস্যায় শিল্পীদের জন্য শিল্পী সমিতির কার্যক্রম নিয়ে শুরুতে জানতে চাই—
শিল্পী সমিতি কিন্তু নিয়মিত কার্যক্রমের মধ্যে আছে। যখন যতটুকু পারছি আমরা সমিতির সবাই কাজ করে যাচ্ছি। তবে একটা বিষয় দেখছি যে, শিল্পী সমিতি নিয়ে অনেকের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। বিশেষ করে অনন্ত জলিল শিল্পী সমিতির মাধ্যমে সাহায্য দেওয়ার পর। অনেকে বলছেন সাংগঠনিকভাবে কেন সাহায্য দেওয়া হচ্ছে না। আমরা শিল্পী সমিতির প্রতিটি সদস্যকে আহ্বান জানিয়ে বার্তা পাঠিয়েছি, যদি কেউ শিল্পী সমিতির মাধ্যমে শিল্পী ও কলাকুশলীদের জন্য কিছু করতে চান তাহলে সবাইকে স্বাগতম। অনেকে আমাদের আহ্বানে এসেছেন, আবার অনেক ব্যক্তিগতভাবে দিচ্ছেন। এখানে কিন্তু আমরা কোনো নেতিবাচক কিছু বলিনি যারা ব্যক্তিগতভাবে দিচ্ছেন। মানুষ সহযোগিতা পাচ্ছে এটাই বড়। সেই আহ্বানে অনন্ত ভাই আমাকে ফোন করে বললেন, ‘জায়েদ, আমিও তো শিল্পী সমিতির একজন। আমি শিল্পী সমিতির হয়ে কিছু সহযোগিতা করতে চাই। বিষয়টি কিন্তু এভাবে হয়েছে। আমাদের সমিতির চাঁদা মাত্র ১০০ টাকা। সেখান থেকে বড় ফান্ড সম্ভব না। তাই শিল্পী সমিতির সদস্যদেরই এগিয়ে আসতে হবে। তবু বলতে পারি। যাদের সহযোগিতার প্রয়োজন তাদের সবার জন্য সমিতির পক্ষ থেকে সাহায্য পাঠানো হয়েছে।
আপনি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নিয়েছেন
কি-না?
আমার গ্রাম পিরোজপুরে আমাদের একটি সংগঠন আছে। সেখানে আমি ৪০০ পরিবারকে সহযোগিতা করেছি। সংগঠনের আরও অনেকেই নিয়মিত এই কাজটি করছেন।
শাকিব খানের নীরবতা নিয়ে অনেক বিতর্ক উঠছে। আপনি কী বলবেন?
আসলে এই ধরনের বিতর্কের পক্ষে আমি না। কারণ আপনি কাকে সহযোগিতা করবেন বা করবেন না সেটি ব্যক্তিগত বিষয়। আর সবাই যে জানিয়ে সহযোগিত করছেন এমনও না। তবে একটি বিষয় বলবো, শাকিব খান যদি শিল্পী সমিতির মাধ্যমে কিছু করতে চান, তবে তাকে সবসময় স্বাগতম।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শিল্পীদের জন্য আপনার চাওয়া?
আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই, আমরা কতদিন সবার জন্য করতে পারবো জানি না। তিনি যদি শিল্পীদের জন্য কোনো সহযোগিতা করেন সেটি এই সময় সবচেয়ে বড় সাপোর্ট হবে শিল্পীদের জন্য।
