‘প্লাস ওয়ান কোভিড-১৯’ ফান্ডে সেলেনার অ্যালবাম বিক্রির অর্থ

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২০:৫১

 

বিশ্ব তারকারা অনেকেই এগিয়ে এসেছেন করোনা মোকাবেলায়। ব্যক্তিগত উদ্যোগে বা নির্মিত ফান্ডে অর্থ দিচ্ছেন তারকারা। হলিউড তারকাদের এমন খবর পাওয়া যাচ্ছে প্রতিদিন। এবার জানা গেল মার্কিন পপ তারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ তার অ্যালবাম বিক্রির অর্থ দিচ্ছেন ‘প্লাস ওয়ান কোভিড-১৯’ ফান্ডে। তার শেষ অ্যালবাম ‘রেয়ার’ আবারও তিনি মুক্তি দেবেন। যেখানে ‘বয়ফ্রেন্ড’ ও ‘স্যুভেনিয়র’ শিরোনামে দুটি গান যুক্ত করা হয়েছে। অনলাইনে প্রতিটি অর্ডার থেকে ১ ডলার করে জমা হবে ‘প্লাস ওয়ান কোভিড-১৯’ ফান্ডে। ইনস্টাগ্রামে নিজের একটা ছবি শেয়ার করেছেন সেলেনা। সেখানে তার ঘাড়ে লেখা ‘রেয়ার’। তিনি লিখেছেন, ‘আমার জীবনের মনে রাখার মতো একটি গান বয়ফ্রেন্ড। এই গানটি নিয়ে আমি কতটা উচ্ছ্বসিত সেটি বলে বোঝানো যাবে না। এটা জীবনে পড়ে যাওয়া আর উঠে দাঁড়ানোর গান। এটি ভাঙা হূদয় মেরামত করে নতুন করে প্রেমে পড়ার গান। আপনার খুশি থাকার জন্য অন্য কারও দরকার নেই, আপনি নিজেই যথেষ্ট—এই গান সেই বার্তাই দেবে।