নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশাপাড়া গ্রামে এক তরুণ করোনা ভাইরাসে আক্রান্ত। ঐ তরুণ ৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সৈয়দপুরে আসেন। খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী জানান, ৪ এপ্রিল তিনি জ্বর নিয়ে এলাকায় ফিরে আসেন। গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ জানান, করোনা ভাইরাস আক্রান্ত ঐ তরুণের বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ ছাড়া টুঙ্গিপাড়ায় দম্পতি আক্রান্ত হওয়ায় ছয় বাড়ি লকডাউন করা হয়েছে। গফরগাঁওয়ে এক রোগী শনাক্ত হওয়ায় অর্ধশত পরিবার লকডাউন, তিতাসে করোনা রোগী শনাক্তের পর ৫ গ্রাম লকডাউন করা হয়েছে।
