করোনা সংক্রমণ রোধে শুক্রবার থেকে কুষ্টিয়া জেলার সড়ক, মহাসড়কের সব প্রবেশমুখ একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমিত জেলাগুলোর কোনো লোক কিংবা যানবাহন যেন কুষ্টিয়ায় আসতে না পারে সেজন্য এ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে ১০ এপ্রিল শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম, সিলেট, গাজীপুরসহ করোনা সংক্রমিত যেকোনো এলাকার যানবাহন কিংবা কোনো লোক কুষ্টিয়া জেলায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
