সামাজিক দূরত্ব মানতে বলায় সংঘর্ষ, আহত ৩

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২১:১৮

সামাজিক দূরত্ব মানতে বলাকে কেন্দ্র করে রংপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রামের লোকজনের পালটাপালটি ধাওয়াতে তিন জন আহত হয়েছেন। এদের মধ্যে এক জনের অবস্থা গুরুত্বর। শুক্রবার দুপুরে রংপুর নগরীর নূরপুর মহাদেবপুর ও রবার্টসনগঞ্জ এলাকায় সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে নূরপুর মহাদেবপুর এলাকায় বেশ কয়েক জন যুবক আড্ডায় মিলিত হন। তাদের মধ্যে সামাজিক দূরত্ব না থাকায় দোকানদার ও স্থানীয়রা সেখান থেকে তাদের যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ঐ যুবকরা স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে দুই পক্ষের গ্রামের লোকেরা একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পালটা ধাওয়া করেন। এতে বরার্টসনগঞ্জ এলাকার এরশাদুল হক (৪৫), হিরা লাল (৬০) ও শামছুল হক (৬৫) আহত হন।

বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ।