করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালানো মোস্তাক আল মামুনকে দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আবুল হোসেন জানান, ৭ এপ্রিল রাতের কোনো এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পাবনা সদর থানায় সাধারণ ডায়রির সূত্র ধরে বৃহস্পতিবার রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়ায় মোস্তাক আল মামুনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
