চলে গেলেন ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক অধ্যাপক সুফিয়া আহমেদ। গত বৃহস্পতিবার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পারিবারিক সূত্র জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৫ মার্চ থেকে হাসপাতালে ছিলেন সুফিয়া আহমেদ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি ছিলেন দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক। সুফিয়া আহমেদের বয়স হয়েছিল ৮৭ বছর।
১৯৫২ সালে ১৪৪ ধারা ভঙ্গ করা মিছিলকারী নারীদের মধ্যে একজন ছিলেন সুফিয়া আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য আইন জারির প্রতিবাদে মিছিলকারী নারীদের মধ্যেও তিনি ছিলেন অগ্রগণ্য। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০০২ সালে একুশে পদকে ভূষিত হন তিনি। অধ্যাপক সুফিয়া আহমেদ বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা। তার স্বামী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন খ্যাতনামা আইনজীবী।
বাংলাদেশের তৃতীয় অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইশতিয়াক আহমেদ ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুফিয়া আহমেদের ছেলে আর মেয়ে রাইনা ফাতেহ। সুফিয়া আহমেদ ১৯৩২ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত অবস্থায় তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। সুফিয়া আহমেদ ষাটের দশকে নিজ বিভাগে অধ্যাপনায় যুক্ত হন।
