বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় আরো এক ইবি শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২২:২০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার এক শিক্ষার্থী আশিকুল ইসলামকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঐ শিক্ষার্থীর দাবি তার আইডি হ্যাক হয়েছিল। বহিষ্কৃত আশিকুল ইসলাম পাটওয়ারী আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সাক্ষরিত এক অফিস আদেশ থেকে বহিষ্কারের বিষয়টি জানা যায়। 

ঐ অফিস আদেশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এরূপ মন্তব্য জাতির পিতার প্রতি অসম্মানজনক যা ইসলামী বিশ্ববিদ্যালয়েরও ভাবমূর্তি বিনষ্ট করেছে বিধায় উক্ত ছাত্র আশিকুল ইসলাম পাটোয়ারীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঐ অফিস আদেশে আরো বলা হয়, কেন তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, তা বিশ্ববিদ্যালয় খোলার পর ০৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো।

এছাড়া সার্বিক বিষয়টি তদন্তপূর্বক রিপোর্ট পেশ করার জন্য উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। কমিটির অন্য দুই সদস্য হলেন—আইন বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভিন এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি ড.সাজ্জাদ হোসেন। প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ছন্দ নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে ইবি প্রশাসন।

এর আগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইবি শাখা থেকে আশিকুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সংগঠনের সভাপতি ও সম্পাদকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এদিকে স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।