লাখ ছাড়ালো মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০০:৫০

বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ পার করে ফেলেছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত এই সংখ্যা ১ লাখ ১ হাজার ৫০০ ছাড়িয়ে যায়। আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ ৭৭ হাজার। প্রতি মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এদিকে, করোনায় আক্রান্তের দিক দিয়ে  যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিশ্বের যে কোনো দেশকে ছাড়িয়ে গেছে, সেখানে দেয়া হচ্ছে গণকবর। আর মৃতের সংখ্যায় স্পেনকেও ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দেশটিতে গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ১৮ হাজারের বেশি। তবে এখনো পর্যন্ত সবচে বেশি মুত্যু হয়েছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে এই ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ হাজার ২৭৯ জন মারা গেছে।

আমাদের প্রতিবেশি দেশ ভারতে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ হাজার ৫৬২ জন আর মারা গেছে ২৪৬ জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার এবং মৃত্যু হয়েছে ৬৬ জনের। পাকিস্তানে গতকাল একদিনেই শনাক্ত হয়েছে ২ হাজারের বেশি রোগী। অন্যদিকে শ্রীলংকায় মোট আক্রান্ত হয়েছে ১৯০ জন। দেশটিতে ৭ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। নেপাল ও ভুটানে ৫ জন করে শনাক্ত হয়েছে।

ইয়েমেনে প্রথম শনাক্ত:এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দাতা সংস্থাগুলো বলছে যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণহীন মহামারি শুরু হয়ে যেতে পারে। কারণ গোটা বিশ্ব এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছে। তাই ইয়েমেনের দিকে নজর দেয়ার মতো সময় ও সুযোগ অন্যদের নেই। ইয়েমেনে পাঁচ বছরব্যাপী যুদ্ধে ১ লাখেরও বেশি মারা গেছে।

অস্ট্রেলিয়ায় মন্ত্রীকে জরিমানা: অস্ট্র্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের আর্টস মিনিস্টার ডন হারউইনকে জনস্বাস্থ্য সুরক্ষা আইন লংঘনের অপরাধে ১০০০ ডলার জরিমানা করার পর তিনি গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন। করোনা নিষেধাজ্ঞার সময় ছুটি কাটানোর ছবি এবং জরিমানা দেয়ার খবর প্রকাশ্যে আসায় তুমুল সমালোচনার শিকার হন তিনি।

বরিস জনসনকে আইসিইউ থেকে বের করা হলো: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বের করে আনা হয়েছে। তবে তিনি এখনো হাসপাতালে চিকিত্সকদের পর্যবেক্ষণে আছেন। হালকা হাটাচলাও করতে পারছেন। গত রবিবার থেকে জনসন লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণের চিকিত্সা নিচ্ছেন তিনি। ১০ নং ডাউনিং স্ট্রিটের এখন মুখপাত্র বলেছেন, তার মনোবল ভীষণ ভালো আছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন এক লাখ পরীক্ষা: এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ২০ লাখ লোকের করোনা শনাক্তের পরীক্ষা করেছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১ লাখ পরীক্ষা করা হচ্ছে। তার দেশের গবেষকরা পরীক্ষার একটি নতুন পদ্ধতি  নিয়ে কাজ করছে বলে জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক শাস্তি দেবেন বলে যে হুমকি দিয়েছিলেন, গতকাল সেখান থেকে সরে এসে তিনি বলেন, আগামি সপ্তাহে সংস্থাটিকে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বলেন, আমি বলেছিলাম যুক্তরাষ্ট্রে ১ লাখ লোক মারা যেতে পারে। কিন্তু আমরা যেভাবে দ্রুত করোনা শনাক্তকরণ পরীক্ষা এবং রোগীদের আলাদা করে ফেলতে পারছি তাতে মৃত্যু সংখ্যা আগের অনুমানিক সংখ্যা থেকে অনেক কমিয়ে আনতে পারব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি: এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুশিয়ারি দিয়ে বলেছে, বিভিন্ন দেশ যেভাবে লকডাউন তুলে ফেলার পরিকল্পনার কথা জানাচ্ছে তা বিপজ্জনক হতে পারে। করোনা দূর হবার আগেই লকডাউন তুলে নিলে এটি আবার দ্বিতীয় মহামারি ঘটাতে পারে। তাই সন্তোষজনকভাবে এটি নির্মুল হবার কিংবা প্রতিষেধক বের হবার আগে লকডাউন তোলা ঠিক হবে না।