ঠাকুরগাঁও জামালপুর রামগঞ্জ কেন্দুয়া রাণীনগরে চোরাই চাল উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২২:৩০

হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের ১০ টাকা কেজির চাল চুরির হিড়িক পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রে চালের ডিলাররাই এ কাজে জড়িয়ে পড়ছে। এ ঘটনায় ঠাকুরগাঁও থেকে ৬৩০ বস্তা, জামালপুর থেকে ১২০ বস্তা এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া এবং নওগাঁর রাণীনগর থেকে খোলাবাজারে বিক্রির উদ্দেশে ১০ টাকা কেজির চোরাই চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। চাল চুরির অপরাধে বেশ কয়েক জনকে আটকও করেছে পুলিশ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হতদরিদ্রদের জন্য দেওয়া ১০ টাকা কেজির ৬৩০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই জনকে আটকসহ পাঁচটি গোডাউন সিলগালা করা হয়। আটককৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামের কুশলডাঙ্গী বাজার এলাকায় প্রয়াত ইউসুফ আলীর ছেলে চাল ডিলার আমিরুল ইসলামের ভাই জামিরুল ইসলাম (৪৫) ও আমজানখোর ইউনিয়নের রতনাই গ্রামের মুসা মিয়ার ছেলে নসিমন চালক পান্না কাওসার (৩০)।

অভিযুক্ত আমিরুল ইসলাম এমরুল ১০ টাকা কেজি চালের ডিলার ও তার স্ত্রী কুলসুম আক্তার বড়ো পলাশবাড়ী ইউনিয়নে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন ঘটনাস্থলে এসে নসিমন চালক পান্না কাওসারকে আটক করে এবং দুইটি অটোচার্জার ও নসিমন গাড়ি থেকে ১০ টাকা কেজির ৬৮ বস্তা চাল উদ্ধার করে। পরে তাদের মালিকানাধীন মেসার্স ভাই ভাই হাস্কি মিলের একটি গোডাউন থেকে ১০ টাকা কেজির ৫৬২ বস্তা চাল উদ্ধার করা হয়।

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় সরকারের ১০ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা থেকে ৮৫ বস্তা এবং মেলান্দহ উপজেলা থেকে ৩৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন থেকে খোলাবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় ১০ টাকা দরের ৮৫ বস্তা       চাল এলাকাবাসী আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করেন। 

এ ছাড়া গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার চরবাণী পাকুড়িয়া ইউনিয়নের বেতমারী গ্রামের মৃত বজর সেখের পুত্র কালোবাজারি আব্দুল জব্বারের ঘরে অভিযান চালিয়ে ৩৫ বস্তা চাল উদ্ধার করেন।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি চেয়ারম্যান ও ডিলারের যোগসাজশে অতিরিক্ত দামে কোলোবাজারে বিক্রিকৃত আট বস্তা সরকারি চাল উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা লক্ষ্মীপুর শাখা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর দর্জি বাড়ির মন্নানের বাড়ি থেকে ঐ চাল উদ্ধার করা হয়।

ডিলার আবুল কাশেম জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০০ বস্তা চাল উত্তোলন করে কার্ডধারী প্রতি জনকে ১০ টাকা দামে ৩০ কেজির ১ বস্তা দেওয়া হয়। কার্ডধারী ৩০ জন না আসায় ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের নির্দেশে অতিরিক্ত দামে বিক্রি করা হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, খবর পেয়ে ওসি এলএসডিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চাল জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের ছেলে স্থানীয় ওএমএসের ডিলার আমিনুর রহমান শাকিলের নিয়ন্ত্রণে থাকা ১০ টাকা কেজি মূল্যের ৯০ বস্তা চাল ভাঙারির দোকান থেকে জব্দ করেছে পুলিশ। এ সময় ভাঙারি ব্যবসায়ী সাইফুল মিয়াকেও (৪৫) আটক করা হয়।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে সপ্তাহের ব্যবধানে আবারও ১০ টাকা কেজির ৯ বস্তা সরকারি চাল উদ্ধারসহ এক জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহীনের বাড়ি থেকে ৯ বস্তা চাল উদ্ধার করে থানা পুলিশ। এই ঘটনায় শাহীনকে (৩২) আটক করেছে থানা পুলিশ।