ব্রিটেনের লেবার পার্টির শিশুবিষয়ক ছায়া মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। এর আগে চলতি বছরের জানুয়ারিতে লেবার পার্টির প্রাক-প্রাথমিক ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এবার শিশুবিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পেলেন।
বৃহস্পতিবার পূর্ণাঙ্গ শ্যাডো কেবিনেট গঠন করেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা স্যার কিয়ার স্ট্যারমার। এই কেবিনেটে স্থান পেয়েছেন লিসা নন্দা, রেবেকা লং বেইলি, এমিলি থর্নবারি ও জেসিকা ফিলিপ। এই কেবিনেটের এডুকেশন ডিপার্টমেন্টের চিলড্রেন অ্যান্ড অ্যার্লি ইয়ার্স ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক বলেন, আমি অ্যাঞ্জেলা রায়নার ছায়া শিক্ষা দলের অংশ হিসেবে বছরের শুরু থেকে ছায়া মন্ত্রী নিযুক্ত হতে পেরে আনন্দিত। শৈশবকালীন পড়াশোনা শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে এমনকি স্কুল শুরু করার আগেই পিছিয়ে পড়ে। এটা যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমার সহকর্মীদের সঙ্গে আমি কাজ করার আশা করি। টিউলিপ সিদ্দিক ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশু যত্ন ও প্রাথমিক শিক্ষার জন্য সর্বদলীয় সংসদীয় গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। ২০১৭ সালের নির্বাচনে তিনি বড়ো ব্যবধানে জয়লাভ করেন। সর্বশেষ গত বছরের ডিসেম্বরের নির্বাচনেও তিনি জয়লাভ করেন।
