যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত বাংলাদেশি চিকিত্সকের মৃত্যু

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২২:৩৩

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মাবুদ চৌধুরী (৫২) নামে এক ব্রিটিশ বাংলাদেশি চিকিত্সক মারা গেছেন। হাসপাতালে ১৫ দিন ভর্তি থাকার পর গত বুধবার তার মৃত্যু হয়। তিনি গত ১৮ মার্চ ফেসবুকে এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সতর্ক করে বলেছিলেন, স্বাস্থ্যকর্মীদের জরুরি ভিত্তিতে আরো পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ ও আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। ডা. আব্দুল মাবুদ রমফোর্ডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট ছিলেন। বাংলাদেশ থেকে ব্রিটেনে যাওয়ার পর ২০ বছরের বেশি সময় ধরে তিনি চিকিত্সক হিসেবে কাজ করেন।         ডা. আব্দুল মাবুদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন, ‘স্বাস্থ্যকর্মীরা সরাসরি রোগীর সংস্পর্শে যায়। অন্যদের মতো পরিবার ও সন্তান নিয়ে এই পৃথিবীতে রোগমুক্তভাবে বেঁচে থাকার মানবিক অধিকার আমাদেরও আছে। তাই প্রত্যেক স্বাস্থ্যকর্মীর জন্য পিপিই জরুরি।’

চিকিত্সকদের সুরক্ষা নিয়ে আব্দুল মাবুদের উত্কণ্ঠা যে অমূলক ছিল না, তার প্রমাণ এরই মধ্যে পেয়েছে ব্রিটেন। দেশটির অনেক চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন বেশ কয়েকজন।

আব্দুল মাবুদ চৌধুরী স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। ছেলে ইন্তিশার চৌধুরী স্কাই নিউজকে বলেন, আমার বাবা কেবল নিজের পরিবার নয়, সহকর্মী এবং অপরিচিত মানুষদের জন্যও ভাবতেন। সব মানুষের জন্য ছিল তার ভালোবাসা ও সহানুভূতি। তাই তিনি কারো ভুল ধরিয়ে দিতে কুণ্ঠাবোধ করতেন না। এদিকে ডা. আব্দুল মাবুদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ব্রিটিশ সংগঠন মুসলিম ডক্টরস অ্যাসোসিয়েশন।