জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ফাঁসির অন্যতম আসামি আব্দুল মাজেদ গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছেন তা জনসম্মুখে প্রকাশ করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। গতকাল শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জনসম্মুখে তা প্রকাশ করার আশ্বাস দিয়ে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। দলীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করার আগে তাকে আবারও জিজ্ঞাসাবাদের দাবি জানান। তিনি বলেন, এই খুনির ফাঁসির রায় অবশ্যই কার্যকর হবে। তবে এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করলে বঙ্গবন্ধু ও জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল সে তথ্য জানা যাবে। জিজ্ঞাসাবাদে জানা যাবে বঙ্গবন্ধুর বাকি খুনিরা কোথায় পালিয়ে আছে।
মোহাম্মদ নাসিম বলেন, করোনা ভাইরাসের মহাবিপর্যয়ের মধ্যে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনি পলাতক আব্দুল মাজেদকে গ্রেফতার দেশবাসীর জন্য একটি সুসংবাদ বয়ে এনেছে। আমরা আশ্বস্ত হয়েছি যে, দীর্ঘ এক যুগ পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিকে গ্রেফতার করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।
