তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের সঙ্গে মাওয়াগামী বিপরীত দিক থেকে আসা এক মাইক্রোবাসের সংঘর্ষে এক জন নিহত ও হেলপারসহ চার জন আহত হয়েছেন।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনা-দেবীদ্বার ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী কোরপাই মিল গেট এলাকায় ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর এক ট্রাক দোকানের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে আবুল কাশেম (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হন আরো দুই জন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবুল কাশেম কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার দলদরিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাদাত জুট মিলের শ্রমিক। দুর্ঘটনায় আহত হয় দোকান মালিক এবং এক কর্মচারী। হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু রায় এ তথ্য জানান। এদিকে বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫৫ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন। এতে আহতরা হলেন চান্দিনার মাইজখার বদরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে নাজমুল (২০) ও বাতাঘাসীর নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে ছোলেমান মিয়া (৪০)। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা এ তথ্য জানান।
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা জানান, খালিয়াজুরীতে বাড়ির সামনে খেলতে গিয়ে ট্রলিচাপায় আসোয়াদ মিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার কৃষ্ণপুর নামাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আসোয়াদ ঐ গ্রামের শ্রমজীবী জামাল মিয়ার ছেলে। ওসি এ টি এম মাহমুদুল হক এ তথ্য জানান।
মুন্সীগঞ্জ প্রতিনিধি ও সিরাজদিখান সংবাদদাতা জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মাওয়াগামী বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষে এক জন নিহত ও হেলপারসহ চার জন আহত হয়েছেন। গতকাল সকালে শ্রীনগর উপজেলার ষোলঘর বটতলায় এ ঘটনা ঘটে। মাইক্রোযাত্রী দেলোয়ার হোসেন (৫০) মাদারীপুর জেলার বাহিরচর এলাকার বাসিন্দা। হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল বাছেদ এ তথ্য জানান।
