যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির এ সংকটকালে মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত হওয়ায় বাসাবাড়িতেই ইবাদতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার দিবাগত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ঘরোয়া মিলাদ ও মাহফিলসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন। একই সঙ্গে দেশ ও দেশের জনগণের কল্যাণে তারা দোয়া করেছেন। গোরস্তানের সামনেও মানুষের উপস্থিতি চোখে পড়েনি। তবে কোনো কোনো এলাকায় মসজিদে নিয়ন্ত্রিত মুসল্লি চোখে পড়েছে। মসজিদগুলো থেকে মাইকে বাসায় বসে নফল নামাজ ও করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়। এ আহ্বান মেনে বাসাতেই নফল নামাজ, কালেমা, তওবা ও ইসতেগফার আদায় করেছেন তারা। তবে পাড়ার মোড়ে মোড়ে কিছুটা জটলা করেছে শিশু-কিশোরেরা।
এর আগে করোনার সংক্রমণ রোধে শবে বরাতে কবর জিয়ারতের উদ্দেশ্যে কবরস্থানে না গিয়ে নিজ নিজ বাসস্থানে অবস্থান করে মৃত আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে কবরস্থান ও মাজার গেট বন্ধ রাখাসহ কবরস্থানের ভেতর ও বাইরে কোনো ধরনের জনসমাগম যাতে না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করে।
