করোনায় হুমকিতে পড়েছে বিশ্বের শান্তি ও নিরাপত্তা

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২২:৩৬

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এরকম অবস্থায় করোনা মহামারি নিয়ে বিশ্বকে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিশ্বের লাখ লাখ মানুষ করোনার কারণে চাকরি হারাচ্ছে। লোকজন একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েছে। এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হলে বিশ্বের বিভিন্ন দেশে মারাত্মক সংকট তৈরি হতে পারে। এক সতর্কবার্তায় গুতেরেস বলেন, করোনার কারণে হুমকির মুখে রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। সামাজিক স্তরে অশান্তি ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে জাতিসংঘের শক্তিশালী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গুতেরেস। এখনই এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।

উল্লেখ্য, বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। চীনে সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকলেও অন্যান্য দেশে বিপর্যয় তৈরি হয়েছে।