শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০০:২৭

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াস। তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) এর দায়িত্বে রয়েছেন। এটি তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।

শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালকের দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকীর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আব্দুল মান্নান ইলিয়াস।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে লিয়াকত আলী লাকীর নিয়োগের পর ২০১১ সালের ৭ এপ্রিল, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি এবং ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছিল সরকার। সবচেয়ে বেশি সময় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।