সরকারি ত্রাণ বিতরণে দুর্নীতি করলে ব্যবস্থা নেবে দুদক

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০০:২৯

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সরকারের সামাজিক নিরাপত্তামূলক যেকোনো কর্মসূচিতে বিশেষ করে সরকারি ত্রাণ বিতরণে দুর্নীতি হলে কঠোরহস্তে দমন করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির ন্যূনতম সুযোগ দেওয়া হবে না। কোনো ব্যক্তি যদি এ জাতীয় ত্রাণসামগ্রী বিতরণের মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেন তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। গতকাল শুক্রবার দুদক থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এসব হুঁশিয়ারি জানান।

ইকবাল মাহমুদ বলেন, ‘দুদকের সকল বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়সমূহকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন জাতির এই ক্রান্তিলগ্নে সরকারের সামাজিক নিরাপত্তামূলক যেকোনো কর্মসূচিতে দুর্নীতির মতো অপরাধ প্রশ্রয় দেবে না। আমি আগেও বলেছি, আজও বলছি, সংবিধান অনুযায়ী অনুপার্জিত আয় ভোগ করার কোনো সুযোগ নেই। দুদক কাউকে অনুপার্জিত আয় ভোগ করার সুযোগ দেবে না।’

দুদক জানায়, বিভিন্ন গণমাধ্যম ও দুদকের নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে অবহিত হয়েছে, কতিপয় ব্যক্তি জাতির এই ক্রান্তিলগ্নে সরকার প্রদত্ত বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। বিষয়টি অবহিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশনের প্রতিটি সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা স্থানীয় জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।