রাত পোহালেই ভোট

পঞ্চগড়-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই নৌকা ও ধানের শীষে!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:১২

রাত পোহালেই অনুষ্ঠিত হবে একাদাশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। পঞ্চগড়-১ (সদর-আটোয়ারী-তেতুলিয়া) আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দলের সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মজাহারুল হক প্রধান ও বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

আওয়ামী লীগ প্রার্থী মজাহারুল হক প্রধান বলেন, পঞ্চগড়ে বাইপাস নির্মাণ, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, মেডিক্যাল কলেজ স্থাপন, বিমান বন্দর স্থাপনসহ পঞ্চগড়ের মানুষের ্আশা স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো। আমি মানুষের সেবা করতে চাই মানুষকে সেবা দিতে চাই। পঞ্চগড়কে আধুনিক পঞ্চগড় হিসেবে উপহার দিবো। শেখ হাসিনা শুধু পঞ্চগড়বাসীর জন্য নয় পুরো দেশের মানুষের জন্য ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাসহ যেসব উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছেন তার জন্যই ভোটাররা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন।

বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির সানি বলেন, এই নির্বাচনে বিএনপির একজনই প্রার্থী তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমরা সবাই বেগম খালেদা জিয়ার প্রার্থী হিসেবে কাজ করছি। ’৭৯, ’৯১, ’৯৬ ও ২০০১ সালে বিএনপি এ আসনটিতে বিজয়ী হয়। বরাবরই এ আসনটি বিএনপির ছিল। কিন্তু ২০০৮ সালের বিতর্কিত একটি নির্বাচনে বিএনপি এ আসনটি পায়নি। বিএনপি ক্ষমতায় থাকাকালে পঞ্চগড়ে যে উন্নয়নের ধারাবাহিকতা ছিল তা গত ১০ বছরে সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য মানুষ ধানের শীষেই ভোট দেবে। কারণ মানুষ জানে বিএনপি যে উন্নয়ন করতে পারে তা অন্য কোনো দল করতে পারবে না। এজন্যই ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির পক্ষে ভোট বিপ্লব হবে এবং আসনটি আমরা পুনরুদ্ধার করতে পারবো।

এই আসনের অন্য প্রার্থীরা হলেন: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধান (হুক্কা), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবু সালেক (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ (হাতপাখা), জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন রানা (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান (আম)।