রাজশাহী-৫ আসনে ত্রিমুখী লড়াইয়ে নৌকা এগিয়ে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:১৩

জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় প্রচার-প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ডা. মনসুর রহমান (নৌকা)। জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল (ধানের শীষ) দফায় দফায় আইনী জটিলতা মোকাবেলা করে চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতীক পেয়ে ২৪ ডিসেম্বর থেকে প্রচারণায় নেমেছেন।

শুরু থেকেই আসনটিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেন (লাঙ্গল) প্রচার-প্রচারণা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমিন প্রচারণায় রয়েছেন হাতপাখা মার্কা নিয়ে। গোলাপ ফুল মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছেন জাকের পার্টির শফিকুল ইসলাম। আসনটিতে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল মার্কার ত্রিমুখী লড়াই হবে এমন ধারণা এলাকার ভোটারদের।