নওগাঁ-৪ (মান্দা) আসনে ১০ বছর পর আবারও মুখোমুখি লড়াইয়ের ময়দানে নেমেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি (নৌকা) এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল হায়াত মুহাম্মদ সামসুল আলম প্রামাণিক (ধানের শীষ)।
একই আসনে জাতীয় পার্টি (এরশাদ) অ্যাডভোকোট ড.এনামূল হক, জাতীয় পার্টি (জেপি) সাইদুর রহমান বকুল, ইসলামি আন্দোলনের শহিদুল আলম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ডা.(অব.) এসএম ফজলুর রহমান মাঠে সক্রিয় থাকলেও তাদের হিসেবের খাতায় রাখছেন না সাধারণ ভোটাররা।
সাধারণ ভোটাররা মনে করছেন, ভোটের লড়াই হবে মূলতঃ নৌকা প্রতীক ও ধানের শীষের মধ্যে। শেষ হাসি কে হাসবেন তা ত্রিশ ডিসেম্বর পর্যন্ত দেখতে হবে।
ভিভিআইপি আসনটিতে নেতাকর্মী-সমর্থকরা প্রার্থীদের পোষ্টার-ব্যানার-ফেস্টুনসমূহ গ্রামের বিভিন্ন রাস্তা-ঘাট, খেলার মাঠ, গ্রামের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, চায়ের স্টলসহ উপজেলার বিভিন্ন স্থানগুলোতে ছেয়ে গেছে।
প্রচার-প্রচারণায় তুলনামূলকভাবে বিএনপির থেকে মাঠে অবস্থান আওয়ামী লীগের প্রার্থীর অনেক বেশি দেখা যাচ্ছে।
মান্দা থানার পরিদর্শক মোঃ মোজাফফর হোসেন বলেন, মান্দা উপজেলায় নির্বাচনী পরিবেশ অনেক ভালো আছে, কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো খবর পাইনি বা ঘটেনি। নির্বাচনে ১১৬টি কেন্দ্রের মধ্যে ৮৬টিসহ অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হলেও নির্বাচন সুষ্ঠুভাবেই পাড়ি দিতে আমরা সব সময় প্রস্তুত।
