বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী কর্মহীন মানুষ। যারা দিন আনে দিন খায়, তাদের জন্য করোনা অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। চলমান পরিস্থিতিতে করোনার চেয়ে, সংসার চালানো নিয়ে চিন্তিত তারা। সরকারের একার পক্ষে এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। তাই নিম্ন আয়ের অসহায় মানুষের জন্য বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিল্পপতি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। এ সময়টা মানবতার জন্য অনেক বড়ো পরীক্ষা। বিত্তবানরা বিনামূল্যে ওষুধপত্র, মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণের মাধ্যমে জনমানবতার সেবায় নিযুক্ত হতে পারেন। যার আছে তাকে এ সময় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। মানুষ মানুষের জন্য—এই মহান বাক্যটি প্রমাণ করার সময় এসেছে এখন।
মো. রাশিদুল ইসলাম
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
