অনিশ্চিত এশিয়া কাপ
স্পোর্টস রিপোর্টার
মহামারি করোনা ভাইরাসের কারণে এলোমেলো হয়ে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সূচি। স্থবির হয়ে পড়েছে ক্রিকেটাঙ্গনও। করোনা পরিস্থিতির কারণে একের পর এক সিরিজ স্থগিত হয়ে পড়ছে। মে-জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা নেই। এবার সংশয় জেগেছে এশিয়া কাপ ক্রিকেট নিয়ে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। সম্ভাব্য ভেন্যু আরব আমিরাত।
টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি বলেছেন, এশিয়া কাপ আয়োজন এখন অনিশ্চিত। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি আশা করছেন, দ্রুতই উন্নতি হবে করোনা পরিস্থিতির।
যদিও আশায় বসতি গড়তে চায় বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের আশা, দ্রুতই করোনা পরিস্থিতির উন্নতি হতে পারে। এবং এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে ইতিবাচকই থাকতে চান তিনি।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। যার ধারায় এশিয়া কাপও হবে টি-২০ ফরম্যাটে। সংবাদমাধ্যমকে পিসিবি সভাপতি এহসান মানি বলেছেন, ‘এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখন কোনো সিদ্ধান্তই হয়নি। পুরো পৃথিবীই এখন অনিশ্চয়তার মাঝে আছে। আপনি জানেন না সেপ্টেম্বরে পরিস্থিতি কি হবে? হয়তো পরিস্থিতি এক মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে।’
ইতিমধ্যে জুলাইয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর এখনো পাঁচ মাস দূরে। তাই এশিয়া কাপ নিয়ে ইতিবাচক থাকতে চায় বিসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী আশাবাদী এই টুর্নামেন্ট নিয়ে।
গতকাল সংবাদমাধ্যমকে নিজামউদ্দিন চৌধুরী সুজন এই প্রসঙ্গে বলেছেন, ‘আমার মনে হয়, ইতিবাচক থাকাই ভালো। অনিশ্চিয়তা তো পুরো দুনিয়া ব্যাপীই থাকে। তাছাড়া যেহেতু হাতে সময় আরো প্রায় পাঁচ মাস, মানে সেপ্টেম্বরে সেহেতু অনিশ্চয়তার কথা না ভেবে আমরা আগে দেখি পরিস্থিতি কোন দিকে যায়। এশিয়া কাপ সদস্য দেশগুলোর জন্য একটি বড়ো টুর্নামেন্ট। অতএব, এটা নিয়ে আমরা ইতিবাচক ভাবি।’
এশিয়া কাপের আয়োজক পিসিবি। পাকিস্তানের মাটিতে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করেও সফল হয়নি দেশটি। কারণ ভারত কোনো অবস্থাতেই পাকিস্তানের মাটিতে খেলবে না। তাই ভেন্যু পরিবর্তন করতেই হচ্ছে আয়োজকদের। সম্ভাব্য ভেন্যুর তালিকায় আরব আমিরাতের মতো বাংলাদেশ, শ্রীলঙ্কাও রয়েছে। ২০১৮ সালে টুর্নামেন্টের সর্বশেষ আসরও অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরাতের মরুর বুকে। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
