স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের প্রবল আক্রমণে খেলাধুলা সবই স্থগিত হয়ে আছে। একটার পর একটা ক্রিকেট সিরিজ বাতিল হচ্ছে। এই অবস্থায় ইংল্যান্ড অন্তত ২৮ মে পর্যন্ত সব ধরনের খেলা বাতিল করেছে। এই তারিখটা আরো পেছানোর কথা। তারপরও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আশা ছাড়ছে না। তারা আশা করছে, গ্রীষ্মের শেষ দিকে হলেও দেশের মাটিতে কিছু ক্রিকেট খেলতে পারবে তারা। আর সে জন্য অভিনব কিছু কৌশলও গ্রহণ করবে ইংল্যান্ড।
ইংল্যান্ড চাচ্ছে একবার খেলা শুরু হলে যত বেশি সম্ভব ম্যাচ দ্রুততার সঙ্গে শেষ করে নিতে। সে জন্য এর আগেই একটা ভাবনার কথা বলা হয়েছে যে, একই সঙ্গে ইংল্যান্ডের দুটি দল মাঠে থাকতে পারে। একটা দল সীমিত ওভারের ক্রিকেট খেলবে, একটা টেস্ট খেলবে।
ইংল্যান্ড জাতীয় পুরুষ দলের পরিচালক অ্যাশলে জাইলস বলেছেন, এই সূচিগুলো রদবদলের বিষয় নিয়েই তারা বিভিন্ন বোর্ডের সঙ্গে এখন আলোচনা চালিয়ে যাচ্ছেন, ‘আমরা এটা নিয়েই এখন কাজ করছি। যতদূর সম্ভব বিভিন্ন বোর্ডের সঙ্গে কথা এগিয়ে রাখছি। আমাদের বিভিন্ন বোর্ডের সঙ্গে সম্পর্ক খুব ভালো। আমরা এখন ভাবছি যে, কী করে সুযোগ তৈরি হলেই আমরা যাতে বেশি বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারি। একটা ব্যাপার আমরা সবাই বুঝতে পারছি যে, এই ধরনের বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের যতটা সম্ভব নমনীয় থাকতে হবে। এখানে খেলোয়াড়দের জন্য কোনো কিছুই আদর্শভাবে চলছে না। তারপরও আমরা বিভিন্ন ফরম্যাট নিয়ে আলাপ করছি।’
এর মধ্যে একটা বড়ো বিবেচনা হচ্ছে একসঙ্গে দুটো ইংলিশ দলকে মাঠে নামানো। জাইলস বলছিলেন, এটা অসম্ভব চিন্তা নয়। এটা তারা মাথায় রেখেছেন, ‘টেকনিক্যালি এটা সম্ভব। আমাদের তাহলে দুই ভিন্ন ক্রিকেটার দলকে নিয়ে কাজ করতে হবে। আমরা এখনো এটা চূড়ান্ত কিছু ভাবিনি। তবে অবশ্যই একসঙ্গে দুই ফরম্যাটে খেলা নিয়ে আলাপ চলছে। আবার এমনও হতে পারে যে, টেস্টের আগের দিন বা পরের দিন আমরা ওয়ানডে বা টি-টোয়েন্টি খেললাম।’
তবে জাইলস মনে করিয়ে দিলেন যে, এসব কিছুর সঙ্গে প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানের মতামতও জড়িয়ে আছে। তিনি বলছিলেন, ‘আমাদের এসব নিয়ে অবশ্যই সম্প্রচারকারীদের সঙ্গেও কথা বলতে হবে। তারা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার।’
