নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে বরিশালে মিছিল ও শো-ডাউন করেছে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার বিকালে বরিশাল নগরীর সদর রোডে তারা এই আয়োজন করেন। প্রথমে আওয়ামী লীগের নেতা-কর্মীরা র্যালি বের করে নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি নেতা-কর্মীরা মোটর সাইকেল নিয়ে নগরীতে শো-ডাউন দেয়। নগরীর কালিবাড়ি রোড এলাকা থেকে মিছিল বের করা হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিবাড়ি রোড এলাকায় এসে মিছিল শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর প্রমুখ।
অপরদিকে বরিশাল নগরীতে মিছিল, শোডাউন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। বিকালে মিছিল ও শোডাউন শেষে নগর ভবনের সামনে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় বক্তব্য রাখেন বরিশাল -৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম।
