দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
করোনা মহামারি ঠেকাতে ব্যক্তিগত সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে স্টেডিয়াম মাঠে বসানো হয়েছে কাঁচাবাজার। প্রশাসন শনিবার সকাল থেকে দেবিদ্বার এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে বসিয়েছে কাঁচাবাজারসহ অন্যান্য দোকানপাট। মাঠে কাঁচা তরকারি বাজার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে। বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ছয় ফুট পর পর বসেছে বাজার। দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ময়নাল হোসেন বলেন, আমরা এখন ভিড় এড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে কম সময়ের মধ্যে দৈনন্দিন বাজারসদাই সারছি।
নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, কাল সারাদিন মাইকিং করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসমাগমের ভিড় এড়াতে লোকজনকে এ বাজারে এসে কেনাকাটা করতে অনুরোধ করা হয়েছে।
কিশোরগঞ্জে স্টেডিয়াম মাঠে বাজার
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে নীলফামারীর কিশোরগঞ্জে শনিবার থেকে উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্টেডিয়াম মাঠে হাটবাজার বসিয়েছে ব্যবসায়ীরা।
সকাল আটটায় সরেজমিনে দেখা গেছে, সরকারি নির্দেশনা মেনে কিছু ব্যবসায়ী কিশোরগঞ্জ স্টেডিয়ামে দোকান নিয়ে বসেছেন। তবে বেশির ভাগ ব্যবসায়ী সরকারি নির্দেশনা উপেক্ষা করে পুরাতন বাজারে দোকান খুলে বসে রয়েছেন। এতে করে বাজার করতে আসা ক্রেতাসাধারণ ভোগান্তির শিকার হয়েছেন। বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের ক্রেতা আনারুল ইসলাম বলেন, পুরাতন হাট বন্ধ করে স্টেডিয়াম মাঠে হাট বসানোর কারণে মানুষজন করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে পারছে। উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, মানুষ যাতে করে সামাজিক দূরত্ব বজায় রেখে হাটবাজার করতে পারে সেজন্য পুরাতন হাটের পরিবর্তে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে হাট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
