আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুরে সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলা সদরের কলেজ বাজার হাটে জনসমাগম হচ্ছে ব্যাপক হারে। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। লোকসমাগম ঠেকাতে এবং নির্দেশনা কেউ না মানলে তাদেরকে জরিমানাও করা হচ্ছে প্রতিদিন।
শনিবার কলেজ বাজার হাটে গিয়ে দেখা গেছে, লোকজনের উপস্থিতি বেড়ে গেছে। কেউ মুখে মাস্ক পরে আছেন কেউ পরে নেই। লোকজনকে একে অপরের কাছাকাছি থাকতে দেখা গেছে। সেখানে মানা হয়নি সামাজিক দূরত্ব। জানা গেছে, প্রতিদিন সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত কলেজ বাজারের কাঁচাবাজারে লোকসমাগম বেশি হচ্ছে। বাজারে আসা কয়েক জন ক্রেতা বলেন, কাঁচাবাজার না কিনলে খাব কি। তাই বাজার করতে হাটে এসেছি। আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ বলেন, জেলা পুলিশের নেতৃত্বে আক্কেলপুর থানা পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখতে সব সময় কাজ করে যাচ্ছে। আমরা এলাকায় লোকসমাগম ঠেকাতে নিয়মিত পুলিশি টহল, লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকিউল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। কেউ খাবারের জন্য ফোন করলে গোপনে তার বাড়িতে খাবার পৌঁছে যাচ্ছে। বাজারে লোকসমাগম কমানোর জন্য অভিযান অব্যাহত রয়েছে।
