একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতির অংশ হিসেবে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পরীক্ষামূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ১৫৭টি ভোট কেন্দ্রের সবগুলোতেই এই মক ভোটিং তত্ত্বাবধান করেন সেনা সদস্যরা। তবে ইভিএমে ডামি ভোট দিতে সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোনো আগ্রহ ছিল না। এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, বৃহস্পতিবার ইভিএমে মক ভোটিং অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড থেকে ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত খুলনা-২ আসনের ভোটাররা ইভিএমে ভোটদান পদ্ধতির প্রশিক্ষণ নেন। তিনি জানান, এবারের নির্বাচনে খুলনা-২ আসনের ১৫৭টি কেন্দ্রের ৭২০টি ভোটকক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হবে। সবকটি কেন্দ্রেই ডেমি ভোট অনুষ্ঠিত হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-২ আসনে ১৫৭টি ভোট কেন্দ্রের ৭২০টি ভোটকক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৬ হাজার ৭৪৫ এবং মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ৩৭১ জন।
খুলনা-২ আসনে আওয়ামী লীগের সেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা), বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ আব্দুল আউয়াল (হাতপাখা), গণফ্রন্ট’র মনিরা বেগম (মাছ), জাকের পার্টির কে এম ইদ্রিস আলী বিল্টু (গোলাপ ফুল), কমিউনিস্ট পার্টির এইচ এম শাহাদত (কাস্তে) এবং বিএনএফ’র এস এম সোহাগ (টেলিভিশন) ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।
