ইত্তেফাক রিপোর্ট
দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ ও এয়ারপোর্ট রোড সংলগ্ন এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক তরল ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে নৌবাহিনী। পাশাপাশি চট্টগ্রাম ও খুলনার সমুদ্র ও উপকূলীয় জেলার কুতুবদিয়া, মহেশখালী, বরগুনা, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা, তালতলীসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী।
প্রত্যন্ত এলাকাগুলোতে লকডাউন মেনে চলা ও প্রয়োজন ছাড়া বাইরে লোকসমাগম বন্ধ রাখতে নৌসদস্যরা কঠোরভাবে স্থানীয় জনগণকে নির্দেশনা প্রদানের পাশাপাশি সচেতন করার কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে এলাকার মসজিদ মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়গুলোয় যাতে অতিরিক্ত জনসমাবেশ না হয় তা কঠোরভাবে মনিটরিং করছে নৌসদস্যরা। তারা স্থানীয় হাটবাজার ও দোকানগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা নিশ্চিত করাসহ এসব স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার ব্যাপারে স্থানীয়দের সচেতন ও বিভিন্ন পরামর্শ প্রদান করছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করছে নৌবাহিনী।
