টিভি সাংবাদিক-কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা ও বকেয়াসহ বেতন নিশ্চিত করুণ : তথ্যমন্ত্রীর

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:০৪

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা ও বকেয়াসহ বেতন-ভাতাদি পরিশোধের আহ্বান জানিয়েছেন। গতকাল মিন্টো রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন।

এরই মধ্যে কয়েক জন সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কীভাবে তাদের সহায়তা করা যায়, স্বাস্থ্যসুরক্ষা দেওয়া যায়, সে বিষয়ে আজ আলোচনা হয়েছে।’ এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার সভাপতি রেজওয়ানুল হক রাজার নেতৃত্বে সেন্টার সচিব শাকিল আহমেদ এবং সৈয়দ ইশতিয়াক রেজা, নজরুল কবীর ও শাহনাজ শারমিন বৈঠকে অংশ নেন।