দেশে করোনা রোগীর চেয়ে চাল চোর বেশি —অলি আহমদ

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব) অলি আহমদ বলেছেন, দেশে করোনা ভাইরাসের মতো এত বড়ো মহামারির মধ্যেও দুর্নীতিবাজরা ত্রাণসামগ্রী ও স্বল্পমূল্যের চাল আত্মসাত্ করতে ব্যস্ত। প্রতিদিন আমরা মিডিয়াতে যে পরিমাণ করোনা ভাইরাসের রোগীর তালিকা পাচ্ছি তার চেয়েও বেশি পাচ্ছি চাল চোরের সংখ্যা। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

জাতির এই ক্রান্তিকালে যারা গরিবের হক মেরে খায় তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত মন্তব্য করে অলি আহমদ বলেন, কারণ এরা দেশের ও মানবতার শত্রু। এধরনের পশুদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তিনি বলেন, সরকারকে অনুরোধ করব—এই ত্রাণসামগ্রী এবং স্বল্পমূল্যের চাল সশস্ত্র বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে বিতরণ করা একান্তই প্রয়োজন। এতে করে হতদরিদ্র, বেকার শ্রমিকরা উপকৃত হবে এবং জনগণও শান্তিতে থাকবে।