রাজধানীতে বিদ্যুত্ উপকেন্দ্রে আগুন সরবরাহ বিঘ্নিত

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:১১

রাজধানীর রামপুরায় গতকাল শনিবার দুপুরে একটি গ্রিড বিদ্যুত্ উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিতরণ লাইনের কিছু অংশ এবং কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। ফলে ধানমন্ডি, রামপুরা, মগবাজার, বাসাবো, কাটাবনসহ রাজধানীর কিছু এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত হয়। সন্ধ্যার পর বিকল্প উপায়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুত্ সরবরাহ শুরু হয়। এ ঘটনার তদন্তে ও ক্ষতির পরিমাণ নির্ধারণে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

পিজিসিবি, ডিপিডিসি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাবস্টেশনে আগুন লাগার পরপরই রামপুরা মহানগর ও হাতিরঝিল এলাকায় বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি বিতরণ ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে। কিছু জায়গায় তার ছিড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ জানান, উপকেন্দ্রে আগুন লাগায় রাজধানীর কিছু এলাকায় বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত হয়েছিল।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। বিকেল ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, ১৩২/৩৩ কিলোভোল্টের গ্রিড উপকেন্দ্রটি ছিল পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি)। কয়েক দিন আগে এটি আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সাবস্টেশনটি অনেক পুরোনো। তিনি জানান, দুর্ঘটনার ঘন্টা খানেকের মধ্যে বিতরণ এলাকায় বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ তদন্তে ও ক্ষতিপূরণ নির্ধারণের ডিপিডিসির একজন প্রধান প্রকৌশলীর নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পিজিসিবির এক কর্মকর্তা জানান, উপকেন্দ্রটি ডিপিডিসির কাছে কাগজে কলমে হস্তান্তর করা হলেও রক্ষণাবেক্ষণের পুরো কাজ এখনও প্রতিষ্ঠানটির কর্মীদেরকে বুঝিয়ে দেয়া হয়নি। তাদেরকে কিছু প্রকৌশলগত বিষয় বুঝিয়ে দেয়ার প্রক্রিয়ার মধ্যেই এ দুর্ঘটনা ঘটলো।