খুনি মাজেদের লাশ ভোলায় দাফন করতে দেবে না ছাত্রলীগ

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:১২

বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর লাশ তার ভোলার বোরহানউদ্দিনে দাফন করতে দেবে না ছাত্রলীগ। গতকাল শনিবার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশ বিশ্বাসের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের আত্মস্বীকৃত খুনি মাজেদের লাশ যদি বোরহানউদ্দিনে প্রবেশ করে, তাহলে বাংলাদেশ ছাত্রলীগ বোরহানউদ্দিন শাখার নেতাকর্মীরা তা প্রতিহত করবেন।

বোরহানউদ্দিন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক পলাশ বিশ্বাস জানান, খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর জাতি কলঙ্কমুক্ত হবে। কিন্তু তার লাশ বোরহানউদ্দিনের মাটিতে দাফন করে আমরা মাটিকে কলঙ্কিত করতে দেব না।

এদিকে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘নরপিশাচ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরহমানের আত্মস্বীকৃত খুনি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন মাজেদকে গ্রেফতারের পর আমরা করোনা ভাইরাসের কারণে উল্লাস প্রকাশ করতে পারিনি। আমি বেঁচে থাকতে এই ভোলার মাটিতে নরপশু মাজেদকে দাফন করতে দিব না।’

এমপি শাওনের সংবাদ সম্মেলন

এদিকে লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ ভোলায় না পাঠানোর জন্য দাবি জানিয়েছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। গতকাল তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার এবং তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলু দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।