রাজশাহীতে সরব আওয়ামী লীগ, নিষ্ক্রিয় ছিল বিএনপি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:১৮

গতকাল শুক্রবার সকাল আটটায় শেষ হয় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। ১০ ডিসেম্বর আনুষ্ঠানিক প্রচারণার শুরু থেকেই নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থীদের ছিল সরব ভূমিকা। বৃহস্পতিবার শেষদিনেও এর ব্যতিক্রম দেখা যায়নি। এদিন সন্ধ্যার আগে রাজশাহীর ছয়টি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারণায় সরব ছিলেন। অন্যদিকে একমাত্র রাজশাহী-২ (সিটি করপোরেশন) এলাকা ছাড়া জেলার অপর পাঁচটি নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থীদের তেমন প্রচারণা লক্ষ্য করা যায়নি। দলীয় সূত্রে দাবি করা হয়, তানোর-গোদাগাড়ী, পবা-মোহনপুর, বাগমারা, পুঠিয়া-দুর্গাপুর ও বাঘা-চারঘাট এলাকার অধিকাংশ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অন্যেরা হামলা ও গ্রেফতার আতঙ্কে এলাকা ছেড়েছেন। সংশ্লিষ্ট এলাকার বিএনপির প্রার্থীরাও নিরাপদে অবস্থান করছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু। তবে রাজশাহী সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বৃহস্পতিবার মহানগরীর সাহেববাজারে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীতে পৃথক মিছিল ছাড়াও অভিনব পদ্ধতিতে মাইক মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, রাজশাহী-২ (সদর) আসনে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার অংশগ্রহণে শেষ প্রচার মিছিলের নেতৃত্বে ছিলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এতে আওয়ামী লীগ এবং ওয়ার্কার্স পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। অন্যদিকে শেষ দিনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক তার এলাকায় জনসভা করেছেন। ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান প্রধান অতিথি ছিলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আয়েনউদ্দিনের পক্ষে পবা-মোহনপুরে মোটরসাইকেল শোডাউন করা হয়। রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে নৌকার প্রার্থীর পক্ষে বর্তমান সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার নেতৃত্বে মোটরসাইকেল র্যালি করা হয়েছে। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিভিন্ন এলাকায় প্রচার মিছিল করেছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সমর্থকেরা। বাদ যায়নি বিএনপির প্রার্থী শূন্য রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন। এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নৌকার পক্ষে ব্যাপক প্রচার চালানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন এলাকায় সাঁজোয়া যানসহ (এপিসি) টহল দিয়েছে বিজিবি। বৃহস্পতিবার সকালে নগরীর প্রধান প্রধান সড়কে টহল দেয় বিজিবির এই বিশেষ দলটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাঁজোয়া যান টহল দিয়েছে বলে জানিয়েছে রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম। এ ছাড়া টহলে অংশ নেয় তিনটি প্রশিক্ষিত ডগ স্কোয়াড।