বগুড়ার শিবগঞ্জে ১০ টাকা কেজি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে গতকাল শনিবার ১০২ বস্তা চাল উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা যায়, ১০ টাকা কেজি চাল ডিলারের কাছ থেকে কালোবাজারে সংগ্রহ করে অবৈধভাবে নিজ বাড়িতে মজুত করে রাখে শিবগঞ্জ থানার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের নিজ বাড়িতে মোস্তাফিজার রহমান। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার পুলিশ সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১০২ বস্তা চাল উদ্ধার করে।
এসময় জিজ্ঞাসাবাদকালে মোস্তাফিজার রহমান জানান, চালের ডিলারের কাছ থেকে চাচাতো ভাই সাইফুল ইসলাম সাজু এনে বাড়িতে রেখেছে এসব চাল। এসময় পুলিশ মোস্তাফিজার রহমানকে গ্রেফতার করে। বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ১০ টাকা কেজির চাল যেখানেই পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে।
